বাগেরহাটে বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের গুলি, যুবক নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

বাগেরহাটের চিতলমারীতে বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামের এক কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী। সেইসঙ্গে তিনি পপুলার ডায়গনস্টিক সেন্টারে চাকরি করতেন।

পুলিশ ও স্বজনরা জানান, বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এসময় তিনটি মোটরসাইকেলে ছয়জন যুবক হেলমেট পরিহিত অবস্থায় বাড়ির মধ্যে প্রবেশ করে এবং পুলিশ পরিচয়ে ধাওয়া দেয়। তখন আমির হামজা দৌড়ে পালাবার চেষ্টা করেন এবং খালের পাড়ে পড়ে যান। তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের শনাক্তে কাজ শুরু করেছে।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • গুলি
  • দুর্বৃত্ত
  • নিহত
  • বাগেরহাট
  • যুবক
  • #