স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মিষ্টি সুভাষসহ ২ জন রিমান্ডে

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে

স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতা শিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাষকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। একই মামলায় রফিকুল ইসলাম ওরফে দুর্জয়কে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার এ তথ্য দিয়েছেন।

বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আটক হন এই দুইজন। পরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।মামলায় অভিযোগ করা হয়, জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২২-২৫ জন নেতাকর্মী দেশের আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোসহ দেশের অভ্যন্তরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন। দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোসহ উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে তারা স্মৃতিসৌধে একত্রিত হয়েছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

শুক্রবার মিষ্টি সুভাষ ও দুর্জয়কে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই মো. শহিদুজ্জামান পাঁচ দিন করে রিমান্ড চান। আসামিদের পক্ষে আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার রিমান্ড আবেদন খারিজ ও জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত দুই আসামিকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

 

  • আটক
  • মিষ্টি সুভাষ
  • রিমান্ডে
  • শ্রদ্ধা
  • স্মৃতিসৌধ
  • #