প্রতীকী ছবি
নীলফামারীর জলঢাকায় নিখোঁজের একদিন পর ধানখেত থেকে শিক্ষার্থী মমিনুর রহমানের (১৩) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২৮ মার্চ) উপজেলার কাঁঠালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হামিদুল মেম্বারের বাড়ির পাশের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মমিনুর রহমান উপজেলার বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও বগুলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা ধানখেতে একটি লাশ পড়ে থাকতে দেখে জলঢাকা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মমিনুর রহমান তার বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে জলঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। শনিবার সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।
জলঢাকা থানার ওসি মো. নাজমুল আলম বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের আইনগত প্রক্রিয়া চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হবে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।