নওগাঁয় পারিবারিক বিরোধের জেরে কুপিয়ে হত্যার অভিযোগ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাই আশরাফুল ইসলাম ফুলনকে (৩৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই বাবু (৩০) এর বিরুদ্ধে। শনিবার (২৮ মার্চ) উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ও অভিযুক্ত বাবু ওই গ্রামের ময়েজ উদ্দিন প্রামানিকের ছেলে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে ছোট ভাই বাবু ক্ষিপ্ত হয়ে হাসুয়া দিয়ে বড় ভাই ফুলনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মান্দা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা গ্রামপুলিশের সহায়তায় বাবুকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ বিষয়ে মান্দা থানার ওসি মাসুদ রানা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • অভিযোগ
  • নওগাঁয়
  • পারিবারিক
  • বিরোধ
  • হত্যা
  • #