ফিফা বিশ্বকাপ-২০২৬ : শেষ ৬ দল নির্ধারণ আজ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৪ ঘন্টা আগে

ফিফা বিশ্বকাপে অংশ নেবে মোট ৪৮টি দেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পাচ্ছে। বাকি ৪৫টি দেশ আসছে বাছাইপর্ব খেলে। এর মধ্যে ৩৯টি টিকিট চূড়ান্ত হয়ে গেছে। বাকি ৬টি টিকিট চূড়ান্ত হবে মঙ্গলবার।

ইউরোপ মহাদেশ (উয়েফা) থেকে এরই মধ্যে ১২টি দেশ বাছাইপর্বে নিজ নিজ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে। বাকি চারটি টিকিটের জন্য মঙ্গলবার প্লে-অফ ম্যাচে মাঠে নামছে ইউরোপের ৮টি দেশ।

এর মধ্যে সবচেয়ে বড় দল ইতালি খেলবে বসনিয়া-হার্জেগোভিনিয়ার বিপক্ষে। এছাড়া ডেনমার্কের প্রতিপক্ষ চেক রিপাবলিক, তুরস্কের মুখোমুখি হবে কসোভো আর সুইডেনের মুখোমুখি হবে রবার্ট লেভানডভস্কির দেশ পোল্যান্ড। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে।

এছাড়া অন্তঃমহাদেশীয় প্লে-অফে মাঠে নামছে চারটি দেশ। এশিয়ার দল ইরাক খেলবে লাতিন দল বলিভিয়ার বিপক্ষে (মেক্সিকোর গুয়াদালুপে বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টা) এবং আফ্রিকার দল ডিআর কঙ্গো খেলবে ক্যারিবিয়ান দ্বীপদেশ জ্যামাইকার বিপক্ষে (মেক্সিকোর জাপোপানে বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টা)।

জ্যামাইকাকে হারাতে পারলে ৫২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে খেলবে ডিআর কঙ্গো। তারা পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তানের গ্রুপে খেলবে।

  • ফিফা
  • বিশ্বকাপ
  • #