চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাস শেষে বিদেশি ঋণের অর্থছাড় আগের বছরের একই সময়ের চেয়ে ২৬ শতাংশ কমেছে। এ সময়ে উন্নয়ন সহযোগী দেশ ও আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাগুলো ঋণ ও অনুদানের অর্থছাড় করেছে ৩০৫ কোটি ৩০ লাখ ডলার; গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৪১৩ কোটি ৪৪ লাখ ডলার।
সোমবার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য মিলেছে।
ইআরডি তথ্যমতে, চলতি অর্থবছরের একই সময়ে সরকারকে পুরনো ঋণের সুদ ও আসল মিলিয়ে পরিশোধ করতে হয়েছে ২৮৯ কোটি ৯৭ লাখ ডলার। আগের অর্থবছর একই সময় যা ছিল ২৬৩ কোটি ৬৫ লাখ ডলার।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে অর্থনীতিতে শুরু হওয়া অস্থিরতা না কাটায় গত দেড় বছরের বেশি সময় ধরে উন্নয়ন কার্যক্রমেও খুব একটা গতি আসেনি। ইআরডির কর্মকর্তাদের পাশাপাশি অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা এ কারণে বিদেশি ঋণের অর্থছাড়েও গতি কম বলে মনে করছেন।
সবশেষ হালনাগাদ তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে বিদেশি সহায়তার প্রতিশ্রুতি কমার তথ্যও মিলেছে। এ সময়ে প্রতিশ্রুতি মিলেছে ২৪৩ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৩৫ কোটি ডলার।