স্ত্রীর ফাঁস নেওয়ার ভিডিও স্বামীর মোবাইলে!

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

চট্টগ্রামের আনোয়ারায় এক গৃহবধূর ফাঁসিতে ঝুলার ভিডিও দৃশ্য পাওয়া যায় স্বামীর মোবাইল ফোনে। সোমবার (৩০ মার্চ) বিকেলে এই ভিডিও ওমর ফারুকের মোবাইল ফোন থেকে উদ্ধার করে পুলিশ। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে স্বামীর বসতঘর থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূ জিন্নাত আরা বাঁশখালী উপজেলার জলদি মিয়ার বাজার এলাকার মো. হোসেনের মেয়ে। দুই বছর আগে মো. ওমর ফারুকের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে আট মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানার কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, অভিযুক্ত স্বামীকে আত্মহত্যার প্ররোচনায় গ্রেপ্তার করে পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে বাবার বাড়ি বাঁশখালী থেকে শ্বশুরবাড়িতে ফেরেন জিন্নাত আরা। এরপর স্বর্ণ বন্ধক রাখা নিয়ে স্বামীর সঙ্গে তার তর্কাতর্কি হয়। রোববার (২৯ মার্চ) স্বামী বাইরে গেলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন জিন্নাত। পরে গৃহবধূ বন্ধ ঘরের ভেতর আত্মহত্যার চেষ্টা করলে বাইরের জানালা দিয়ে স্বামী নিজের মুঠোফোনে একটি ভিডিও ধারণ করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং স্বামীকে আটক করে। স্বামীর মুঠোফোন জব্দ করলে ধারণকৃত ভিডিওটি পান পুলিশ।

ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে স্ত্রী আত্মহত্যার ভিডিওটি নিজের মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে এবং দরজা খোলার জন্য চিৎকার করে। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবার থেকে মামলা করেননি।

  • ফাঁস
  • ভিডিও
  • মোবাইলে
  • স্ত্রী
  • স্বামী
  • #