পাবনায় দিনমজুরকে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে

পাবনা সাঁথিয়ার আফছার সরদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১১টার দিকে গৌরিগ্রাম ইউনিয়নে ঘুঘুদহ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আফছার উপজেলার ঘুঘুদহ পূর্বপাড়া গ্রামের কাজী সরদারের ছেলে।

এলাকাবাসী জানায়, গতকাল রাত ১১টার দিকে আফছারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে হাত-পা বাঁধা অবস্থায় এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখতে পায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পাবনা হাসপাতালে মর্গে পাঠায়।

নিহত আফছারের মা আবেদা খাতুন বলেন, আমার ছেলে সহজ-সরল। সে কাজ ছাড়া কিছু বুঝত না। আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জানান, পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে এ হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।

  • দিনমজুর
  • পাবনা
  • হত্যা
  • #