পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে উপজেলার নাগডেমরা ও করমজা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃত দুজন হলেন নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের কুনো মোল্লার ছেলে আবু সাইদ (৪৭) ও করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে আকরাম (৪৪)।
জানা যায়, বৃহস্পতিবার (০২ এপ্রিল) বিকেলে আবু সাইদ পার্শ্ববর্তী সোনাতলা গ্রামের কুষ্টিয়ার মাঠে পেঁয়াজ উঠাতে যায়। হঠাৎ আকাশে মেঘের গর্জন ও শিলাবৃষ্টি শুরু হয়। এসময় তার ওপর বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে আকরাম পুন্ডুরিয়া মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন। তিনিও ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
এছাড়াও সোনাতলা গ্রামের রাজার ছেলে পারভেজ (১৫) মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শব্দে গুরুতর আহত হন। তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়।