প্রতীকী ছবি
মাগুরার শ্রীপুরে বড় উদাস গ্রামের লিমা খাতুন (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর তার মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। নিহত লিমা উপজেলার বড়উদাস গ্রামের আব্দুল হাই জোয়াদ্দারের মেয়ে এবং ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর গ্রামের সুজন মিয়ার স্ত্রী।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত সোমবার লিমা খাতুন স্বামীর বাড়ি হাটগোপালপুর থেকে বাবার বাড়ি বড়উদাস গ্রামে বেড়াতে আসেন। পরদিন অর্থাৎ মঙ্গলবার ফোন পেয়ে তিনি ঘর থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। সর্বশেষ বুধবার সকালে স্থানীয় ওই এলাকার একটি ঘাসক্ষেতে বিবস্ত্র অবস্থায় তার মরদেহটি পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মাগুরা হাসপাতালের মর্গে পাঠায়।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, বড়উদাস মাঠে ঘাসক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর জানানো সম্ভব হবে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। আশা করছি দ্রুত এ ঘটনার রহস্য বেরিয়ে আসবে।