হাজারীবাগে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

রাজধানীর হাজারীবাগের মনেস্বর রোডের একটি ভাড়া বাসায় বিষাক্ত দ্রব্য পানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমান্ত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাবির কেমিস্ট্রি বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী । শুক্রবার রাত ১টা ৩০ মিনিটের দিকে অচেতন অবস্থায় সীমান্তকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নাম সাইদুল আমিন ওরফে সীমান্ত। তার বাড়ি নরসিংদী মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তার বাবার নাম সদরুল আমিন।

নিহতের চাচা রুহুল আমিন বলেন, আমার ভাতিজা হাজারীবাগের একটি বাসায় সাবলেট থাকতো। তার রুমমেটের কাছে জেনেছি রাত ৯টার পরে সীমান্ত তার রুমের দরজা বন্ধ করে রেখেছিল। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোন সারা শব্দ না পেয়ে বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়। পরে বাসার মালিক দরজা ভেঙে সীমান্তকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সীমান্তকে হাসপাতালে নেয়ার সময় তার মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ বেরোচ্ছিল। এতে আমরা ধারণা করেছি ওই বিষাক্ত দ্রব্য খেয়েই সীমান্ত আত্মহত্যা করেছে। তবে কেন সে এই কাজটি করেছে তা আমরা কিছুই বলতে পারব না।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

  • ঢাবি
  • মৃত্যু
  • শিক্ষার্থী
  • হাজারীবাগ
  • #