গাজীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে রাজেন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার চিনাশুখানীয়া এলাকার বৃন্দাবন চন্দ্র দাসের মেয়ে মিতি রানী দাস (৩৯) ও তার ছেলে রুদ্র দাস (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রাজেন্দ্রপুর এলাকা রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে মিতি রানী দাস ও তার ছেলে রুদ্র দাস। এসময় মিতি রানী দাস ঘটনাস্থলেই মারা যায়। তার ছেলে রুদ্র দাস গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত শিশু রুদ্র দাসকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। কীভাবে তারা ট্রেনের নিচে পড়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।