হামের প্রকোপ মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

সারাদেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের অর্জিত ও নৈমিত্তিক ছুটি বাতিল করা হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন রুমী স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা ও হামের ভ্যাকসিন প্রদানের সুবিধার্থে স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি) স্থগিত বা বাতিল করা হলো।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

হামের ভ্যাকসিন প্রদান কার্যক্রম সফল করতে এবং আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

  • চিকিৎসক
  • ছুটি
  • বাতিল
  • মোকাবিলা
  • স্বাস্থ্যকর্মী
  • হাম
  • #