বরিশালের বানারীপাড়ায় ইউনুস আলী (৬০) নামের এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজারসংলগ্ন সন্ধ্যা নদীর একটি শাখা খালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠায়।
জানা গেছে, ইউনুস আলী উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের ইন্দেরহাওলা ব্রিজ নির্মাণকাজে শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি শুক্রবার (৩ এপ্রিল) বিকেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, খালে ভাসমান অবস্থায় ইউনুস আলীর লাশ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের জন্য লাশটি বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।