সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

নোয়াখালীর সদরে কিশোরগ্যাংয়ের সদস্যদের হামলায় মো. সেলিম (৫০) নামে এক কৃষকদলের নেতার নিহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই গ্রামের মৃত মো. শাহজানের ছেলে এবং স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি ছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিমের ছেলে অন্তরের সঙ্গে এলাকার কিশোরগ্যাং সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। গত শনিবার দুপুরে এ নিয়ে ফোনে কিশোরগ্যাংয়ের দুই সদস্যের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা তাদের সহযোগীদের নিয়ে সেলিমের বাড়ির সামনে আসে এবং অন্তরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শোরগোল শুনে নিজ দোকান থেকে বের হয়ে তাদের বিরোধ থামাতে এগিয়ে যান সেলিম। তখন অভিযুক্তরা তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে এবং মাথায় গুরুতর আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের বড় ছেলে শাকিল অভিযোগ করে জানান, পূর্ববিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাদের বাড়িতে হামলা চালানো হয় এবং তার বাবাকে পিটিয়ে হত্যা করা হয়।

মৃতের ছোট ভাই মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমার ভাই ছেলেদের বাঁচাতে গিয়ে প্রাণ দিল। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা কিশোর গ্যাংয়ের সদস্য। আমরা এ হত্যার বিচার চাই।’

দাদপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি সেলিম বলেন, ‘সেলিম একজন সাধারণ কৃষক ও চা দোকানি ছিলেন এবং দলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। আমরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছি।’

হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, গতকাল রাত ৯টার কাছাকাছি সময়ে আমাদের কাছে সেলিমকে আনা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পাই। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম জানান, আমরা জানতে পেরেছি সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় সেলিম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং আঘাত পেয়ে পড়ে গিয়ে মারা যান। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  • কিশোরগ্যাং
  • নিহত
  • নোয়াখালী
  • হামলা
  • #