দেশে হামে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে সারা দেশে নতুন করে ৯৭৪টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম সংক্রমণে ১৭টি শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনকভাবে মারা গেছে আরও ১১৩ শিশু।
অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং সন্দেহভাজন হিসেবে আরও ১০ শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। এই একই সময়ে হামের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৭৪ শিশু, যার মধ্যে ল্যাব পরীক্ষায় ৫৪টি শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত এই ২১ দিনে সারাদেশে মোট ৯২৯টি হামের রোগী শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যেই নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১৭-তে দাঁড়িয়েছে।
সর্বশেষ হেলথ বুলেটিনের তথ্যমতে, এখন পর্যন্ত দেশজুড়ে মোট ৭ হাজার ৬১০টি সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা সেবা নিয়ে ইতোমধ্যে ৩ হাজার ৩৮০টি শিশু সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের এই বিস্তার উদ্বেগজনক। দ্রুত টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।