বগুড়ায় ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪৩ minutes ago
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে শাহানাজ বেগম (৭০) নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহানাজ বেগম ওই এলাকার মৃত আবদুল খালেকের স্ত্রী। তিনি কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার ছিলেন।

এলাকাবাসী জানায়, দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা সুজন জানান, তারা সন্ধ্যা ৭টায় দাড়িদহ বাজারে ছিলেন। এমন সময় হঠাৎ খবর পান কিছু লোক শাহানাজ বেগমের বাসায় ঢুকছে। তারা বাসায় গিয়ে দেখেন তার গলা দিয়ে রক্ত বের হচ্ছে এবং তিনি বিছানার উপর শুয়ে আছেন। তারা দ্রুত সিএনজি করে শজিমেকে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

  • নারী
  • বগুড়া
  • হত্যা
  • #