‘অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের’ অভিযোগ এনে ড. মুহাম্মদ ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম এই নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশসংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই আইনজীবী উল্লেখ করেন, সারা দেশে অকস্মাৎ বিলুপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ অপরাধমূলক কর্মকাণ্ডের স্বার্থে জড়িত থাকায় এ বিষয়ে তদন্ত কমিটি গঠনপূর্বক তদন্তের দাবি জানানো হয়েছে।
নোটিশে ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সকল উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং সংশ্লিষ্ট সকল সাবেক ব্যক্তিগত সহকারীর (পিএ) বিরুদ্ধে তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়েছে।
ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম জানান, মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ৫ (পাঁচ) দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।