নোয়াখালীর চাটখিলে আগুনে পোড়ানো মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল পৌর এলাকা থেকে আগুনে পোড়ানো একটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১১টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোলসংলগ্ন ঝোপ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সোমবার সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, মৃত ব্যক্তির নাম মো. খোকন (৩২)। তিনি পেশায় দিনমজুর ছিলেন। ওই এলাকার হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে একটি অজ্ঞাত নম্বর থেকে মোবাইলে কল আসলে খোকন বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও পরিবারের লোকজন তার সন্ধান না পেয়ে শনিবার (৪ এপ্রিল) রাতে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি করে। রোববার রাতে স্থানীয়রা একটি ঝোপের মধ্যে বিদ্যুতের খুঁটির পাশে পোড়া অর্ধগলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ফরেনসিক রিপোর্ট না পেলে কিছু বলা যাচ্ছে না। নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

  • উদ্ধার
  • চাটখিল
  • নোয়াখালী
  • মরদেহ
  • #