চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বরে) জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বাড়লেও দ্বিতীয় প্রান্তিকে এসে কমেছে। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির সাময়িক হার ছিল ৩ দশমিক শূন্য ৩ শতাংশ। প্রথম প্রান্তিকে যা ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকের জিডিপির চিত্র প্রকাশ করেছে।
জিডিপি প্রবৃদ্ধি পর্যালোচনা করে দেখা যায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে জিডিপি হার ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। এর আগের বছর অর্থাৎ ২০২৪-২৫ একই মাসে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৯১ শতাংশ। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির হার ৩ দশমিক শূন্য ৩ শতাংশ। আগের বছরের একই সময়ে এ হার ছিল ৩ দশমিক ৫৩ শতাংশ। গেল অর্থবছরের শেষ প্রান্তিকে ২ দশমিক শূন্য ৫ শতাংশে জিডিপি প্রবৃদ্ধির হার নেমে এলে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এসে প্রায় দ্বিগুণ হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে কৃষি খাতের প্রবৃদ্ধি বাড়লেও কমেছে শিল্প ও সেবা খাতে। বিবিএসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকের কৃষিখাতে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হার ছিল ৩ দশমিক ৬৮ শতাংশ, যা প্রথম প্রান্তিকে ছিল ২ দশমিক ১১ শতাংশ। শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ২৭ শতাংশ, যা আগের প্রান্তিকে ছিল ৬ দশমিক ৮২ শতাংশ। এছাড়া দ্বিতীয় প্রান্তিকে সেবা খাতের প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৪৫ শতাংশ। আগের প্রান্তিকে যা ছিল ৪ দশমিক ৫১ শতাংশ।