বগুড়ায় ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ দিন আগে
প্রতীকী ছবি

বগুড়া শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে রবিন (২৮) নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মো. মিরাজের ছেলে।

দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে রবিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত রবিনের ভাইয়ের দাবি, এলাকাভিত্তিক আধিপত্য ও পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে রবিনকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, নদীর দুই পারের লোকজন মিলে আমার ভাইকে মারছে।

এর আগেও ভাইয়ের ওপর হামলা হয়েছিল, যা নিয়ে মামলাও চলছে। যারা হামলা করেছে তাদের কয়েকজনকে আমরা চিনি।
এদিকে পুলিশের প্রাথমিক ধারণা, স্থানীয় একটি কবরস্থানের আতাফল ছেঁড়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে এর পেছনে অন্য কোনো গভীর কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, খবর পেয়ে আমরা শজিমেক হাসপাতালে গিয়ে রবিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই। ঘটনাস্থল থেকে একটি ভাঙা হকিস্টিক ও চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। সিআইডি ও পিবিআইয়ের ফরেনসিক টিমকে ডাকা হয়েছে আলামত সংগ্রহের জন্য।

তিনি জানান, তদন্তের স্বার্থে সন্দেহভাজনদের নাম প্রকাশ করা হচ্ছে না, তবে আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • ফল ব্যবসায়ী
  • বগুড়া
  • হত্যা
  • #