সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

 জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভোরে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির লালবাগ বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত তার বিরুদ্ধে ছয়টি মামলার তথ্য পাওয়া গেছে। লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে আদালতে সোপর্দ করা হবে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, শিরীন শারমিন চৌধুরীকে আজ ভোরে এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়েছে।তিনি আরও বলেছিলেন, তার বিরুদ্ধে কী কী মামলা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এরপর নির্দিষ্ট অভিযোগে তাকে আদালতে পাঠানো হবে।

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরপরই আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছিল, শিরীন শারমিন চৌধুরী সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। তবে ডিবি সূত্রের বরাতে জানা গেছে, পরবর্তী সময়ে তিনি ধানমন্ডি ৮/এ এলাকার একটি বাসায় আশ্রয় নেন এবং সেখানই তিনি আত্মগোপনে ছিলেন।

সংসদ সচিবালয়ের রেকর্ড অনুযায়ী, শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল থেকে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনি প্রথমবারের মতো এই পদে নির্বাচিত হন এবং পদত্যাগ করার আগ পর্যন্ত টানা দীর্ঘ সময় স্পিকারের দায়িত্ব সামলেছেন। এছাড়া, ২০১৪ সালের জাতীয় নির্বাচনে তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে দেশজুড়ে যে আইনি ব্যবস্থা শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হলো। ক্ষমতাচ্যুতির পর থেকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের নামে একাধিক মামলা করা হয়েছে।

গত ২৭ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে রংপুরে স্বর্ণকার মুসলিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। জুলাইয়ের সেই অস্থির সময়ে ঘটা একাধিক সহিংসতার ঘটনার তদন্তের অংশ হিসেবে এই মামলাটি করা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার হওয়া উচ্চপদস্থ ব্যক্তিদের তালিকায় সাবেক এ স্পিকারের নাম নতুনভাবে যুক্ত হলো।

  • গ্রেপ্তার
  • শিরীন শারমিন চৌধুরী
  • সাবেক স্পিকার
  • #