প্রতীকী ছবি
হবিগঞ্জের মাধবপুরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার (৬ এপ্রিল) স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিরোধ নিষ্পত্তি সালিশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মাধবপুরের বুল্লা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মোহাম্মদ আলীর সঙ্গে তার ভাই কামাল মিয়ার বসতবাড়ির সীমানা ও জমি বণ্টন নিয়ে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির জন্য সোমবার স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে জুয়েল, আঞ্জব আলী, এরশাদ আলী, রুস্তম ও সুমনসহ অন্তত ২০ মানুষ আহত হয়েছেন।
আহতরা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন মোহাম্মদ আলী (৫০)। তিনি আজ মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।