নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ ৪ জন নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ ৪ জন নিহত হয়েছেন। গত সোমবার নিউইয়র্কের আলবানি এলাকায় সন্ধ্যা ৭টা ২৭ মিনিটেএ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।

নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ হীরামন (৬০) এবং তার ছেলে নাজমুল রোবেল (৩০)। তারা সপরিবারে নিউইয়র্কের লাউডনভিলে বসবাস করতেন। নিহত অপর দুজন হলেন নিহত নাজমুল রোবেলের বন্ধু নড়াইলের ফাহিম আলিম (২৭) এবং অপর গাড়িতে থাকা নিউইয়র্কের বাসিন্দা ৬২ বছর বয়সী জুলিয়া রিচিও।

আহতরা হলেন নিহত হীরামনের বড় মেয়ে রত্না (৩৩) এবং নাতনী ইকরা (১)। দুর্ঘটনায় তারা গুরুতর আহত হয়ে আলবানি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্য একটি গাড়িতে থাকায় রক্ষা পেয়েছেন পরিবারের অপর সদস্যরা।

নিহত হীরামনের ছোট বোন রাজিয়া বেগম এ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান,  নিহতদের জানাজার নামাজ বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে। পরে নিউ জার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে তাদের দাফন করা হবে।

  • দুর্ঘটনা
  • নিউইয়র্ক
  • নিহত
  • বাংলাদেশি
  • সড়ক
  • #