নবাবগঞ্জে পিটিয়ে হত্যা, ইউপি সদস্য আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ঢাকার নবাবগঞ্জে পূর্বশত্রুতার জেরে মিঠুন (২৯) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ছাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিঠুন ছাতিয়া এলাকার কিসমত আলীর ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ইউপি সদস্য নান্নু মিয়াকে আটক করেছে পুলিশ।

এর আগে গত ২৪ মার্চ স্থানীয় একটি ঘটনার সূত্র ধরে মিঠুনের নেতৃত্বে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ডলি আক্তারের ওপর হামলা করে তাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে ডলি আক্তারকে নবাবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন। ওই ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলার ৩ নম্বর আসামি ছিলেন গতকালের হামলায় নিহত মিঠুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ছাতিয়া এলাকার বাসিন্দা মিঠুনকে সাবেক ইউপি সদস্য ডলি আক্তারের লোকজন রাস্তা থেকে তুলে নিয়ে বেদম মারধর করেন। এরপর মৃত ভেবে তাকে ফেলে রাখা হয় রাস্তার পাশে। পথচারীরা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে সংকটাপন্ন অবস্থায় পাঠানো হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। সেখানে নেওয়ার পর ভোরে মিঠুন মারা যান। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে ডলির ভাই স্থানীয় ইউপি সদস্য নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

ছাতিয়া গ্রামে নিহত মিঠুনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন লাশ নিয়ে ঢাকায় ব্যস্ত থাকায় তাদের কোনো বক্তব্য নেওয়া যায়নি।

নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, পূর্ব ঘটনার জেরে মিঠুনকে পিটিয়ে জখম করলে হাসপাতালে মারা যায়। ভুক্তভোগী পক্ষ অভিযোগ দিয়েছে। মামলা প্রক্রিয়াধীন। মিঠুনের নামেও একাধিক মামলা আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সূত্র : প্রথম আলো

  • আটক
  • ইউপি সদস্য
  • নবাবগঞ্জ
  • হত্যা
  • #