লেবাননের বৈরুতের হামরা এলাকায় ইসরায়েলের বিমান হামলায় দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি ফরিদপুরের চর শালেপুর এলাকার বাসিন্দা। তার পিতা শেখ মোফাজ্জল ও মাতা রোজিনা খাতুন।
শুক্রবার বৈরুতে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো শোক বার্তায় বলা হয়, গত বুধবার কফিলের পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন দিপালী। এ সময় ওই এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই দিপালী নিহত হন। একই হামলায় তার কফিল ও পরিবারের আরো কয়েকজন সদস্যও নিহত হন।
বৈরুতে বাংলাদেশ দূতাবাস নিহত দিপালীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানকার বর্তমান অবস্থা জানতে দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।