৮ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩২০ কোটি ডলার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩৩ minutes ago
ফাইল ছবি

আগের অর্থবছরের তুলনায় পণ্য রপ্তানি কমে যাওয়ায় এবং রোজার পণ্য আমদানির চাপ বাড়ায় গেল ফেব্রুয়ারি শেষে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে। বাংলাদেশ ব্যাংক বাণিজ্য ঘাটতির যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, তাতে ফেব্রুয়ারি শেষে চলতি অর্থবছরের আট মাসে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৬৯১ দশমিক ৩০ লাখ ডলার। এটি আগের মাস জানুয়ারি পর্যন্ত সময়ের চেয়ে ৩১৩ কোটি ৪০ লাখ ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে সামগ্রিক বাণিজ্য ঘাটতি ছিল ১ হাজার ৩৭০ কোটি ৬০ লাখ ডলার। এ হিসাবে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের আট মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩২০ কোটি ৭০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি বৈদেশিক লেনদেনের ভারসাম্যের (বিওপি) হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) দেশের সামগ্রিক বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৬৯১ কোটি ৩০ লাখ ডলার। এর আগের মাস অর্থাৎ জুলাই-জানুয়ারি পর্যন্ত সাত মাসে ঘাটতি ছিল ১ হাজার ৩৭৭ কোটি ৯ লাখ ডলার। অর্থাৎ কেবল ফেব্রুয়ারি মাসেই ঘাটতি বেড়েছে ৩১৩ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে ৩২০ কোটি ডলার। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে এই ঘাটতি ছিল ১ হাজার ৩৭০ কোটি ৬ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, অর্থবছরের প্রথম আট মাসে পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৪ হাজার ৬১৭ কোটি ৪ লাখ ডলার। এর বিপরীতে দেশের পণ্য রপ্তানিতে আয় করেছে ২ হাজার ৯২৬ কোটি ১ লাখ ডলার। ফলে এই সময়ে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় ১ হাজার ৬৯১ কোটি ৩ লাখ ডলার বেশি হয়েছে, যা বড় আকারের এই ঘাটতি তৈরি করেছে।

অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ববাজারে পণ্যের দাম এবং অভ্যন্তরীণ চাহিদার কারণে আমদানি ব্যয় বাড়লেও বিশ্ব অর্থনীতির অস্থিরতায় রপ্তানি আয়ে কাঙ্ক্ষিত গতি ফিরছে না।

  • ঘাটতি
  • বাণিজ্য
  • #