দোকানের সামনে রিকশা রাখায় চালককে পিটিয়ে হত্যা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোকানের সামনে রিকশা রাখা নিয়ে পিটিয়ে এক রিকশাচালককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জসিম নামের এক দোকানদারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিকশাচালকের নাম আব্দুল লতিফ। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার দক্ষিণ পোড়াগাঁও এলাকার মৃত মতিনের ছেলে। তিনি বরপা এলাকায় সাহাদুল্লাহ শিকদারের ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং পেশায় রিকশাচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বরপা এলাকার সেবা ফিলিং স্টেশনের পাশে জসিমের চাকা মেরামতের দোকানের সামনে রিকশা রেখে প্রাকৃতিক কাজ সারতে যান চালক আব্দুল লতিফ। পরে ফিরে এলে এ নিয়ে তার সঙ্গে জসিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দোকানদারের কিল-ঘুষিতে লতিফ মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই এলাকাবাসী অভিযুক্ত জসিমকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক জসিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নারায়ণগঞ্জ
  • রূপগঞ্জ
  • হত্যা
  • #