একসঙ্গে পাঁচ নবজাতক জন্ম দিলেন মা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে

গাজীপুরের কাপাসিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া ৫ নবজাতককে সুস্থ অবস্থায় নিয়ে বাড়ি ফিরেছেন মা। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে পরিবারের স্বজনদের সঙ্গে আনন্দ ও খুশি নিয়ে বাড়ি ফেরেন তিনি।

কাপাসিয়ার টোক ইউনিয়নের দীঘাবর গ্রামের গৃহবধূ মাসুমা আক্তার এখন পুরো এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত। ৫ নবজাতককে নিয়ে বাড়িতে ফেরায় স্থানীয়দের মাঝে ব্যাপক আনন্দের সৃষ্টি হয়েছে। নবজাতকদের দেখার জন্য আশপাশের বাড়ির লোকজন ভিড় করছেন।

পরিবার সূত্রে জানা গেছে, রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৫ এপ্রিল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম হয়। মাসুমা–কাজল দম্পত্তির ৯ বছর বয়সী একটি মেয়ে আছে।  এদের মধ্যে তিনটি মেয়ে ও দুটি ছেলে।

মাসুমার স্বামী কাজল মিয়া বলেন, আমি কখনো ভাবিনি আমার স্ত্রী আর সন্তানদের নিয়ে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো। আল্লাহর রহমতে আজ আমরা সবাই ভালো আছি— এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মডিউল কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠাতা অধ্যাপক রুহুল আমিন জানান, তার হাসপাতালে আইসোলেশনে রেখে নবজাতকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। একসঙ্গে জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে একজনের শারীরিক অবস্থা কিছুটা জটিল ছিল। পরে স্বাভাবিক হলে পরিবারের সদস্যরা তাদের বাড়িতে নিয়ে যান।

  • জন্ম
  • নবজাতক
  • পাঁচ
  • মা
  • #