আফগানিস্তানে সশস্ত্র হামলায় নিহত ১১

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে একটি পিকনিক স্পটে সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) এনজিল জেলার দেহ মেহরি গ্রামে সংঘটিত এ ঘটনায় প্রথমে নিহতের সংখ্যা কম জানানো হলেও, পরে গুরুতর আহতদের মৃত্যু হওয়ায় হতাহতের সংখ্যা বাড়ে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ঘটনার পর প্রাদেশিক কর্মকর্তারা প্রাথমিকভাবে চারজন নিহতের কথা নিশ্চিত করেছিলেন। তবে পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন আরও সাতজনের মৃত্যু হলে মোট নিহতের সংখ্যা ১১ জনে পৌঁছায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত সশস্ত্র হামলাকারীরা ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষের ওপর গুলি চালায়। শুক্রবার হওয়ায় ওই বিনোদনস্থলে মানুষের ভিড় বেশি ছিল। তবে এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

  • আফগানিস্তান
  • নিহত
  • সশস্ত্র
  • হামলা
  • #