প্রতীকী ছবি
খাগড়াছড়ির মানিকছড়িতে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. সাব্বির নামে একজনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি দল উপজেলা সদরের গুচ্ছগ্রাম এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল বিকেলে ৩ বছর বয়সী এক শিশু প্রতিবেশীর উঠানে খেলতে যায়। এ সময় তাকে কেক দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত।
ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল। দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জিয়ানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেনাবাহিনী। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সাব্বিরকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানিকছড়ি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ পারভেজ বলেন, ‘শিশুটির বাবা আজ মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’