মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, দলনেতা ‘অ্যালেক্স ইমন’ নিহত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে

রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে অ্যালেক্স ইমন গ্রুপের দলনেতা মো. ইমন ওরফে অ্যালেক্স ইমন নিহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের অ্যালেক্স ইমন ও আরমান শাহরুখ গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরেই রোববার বিকেলে উভয় গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে ইমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং আশপাশ এলাকায় টহল জোরদার করা হয়।

অতিরিক্ত উপকমিশনার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিন যুবককে আটক করেছে। তারা হলেন— মো. সাইফ, তুহিন ও রাব্বি কাজী। তাদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করা হয়েছে।

  • কিশোর গ্যাং
  • নিহত
  • মোহাম্মদপুর
  • সংঘংর্ষ
  • #