প্রতীকী ছবি
যশোরের চৌগাছায় তেলের পাম্পে সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। সোমবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পৌর এলাকার উপজেলা পরিষদ ও থানা সংলগ্ন আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন। তিনি জানান, আহতদের মধ্যে পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তেলের সিরিয়াল নিয়ে চৌগাছা উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য বাবুর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা দ্রুতই দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত যুবদল নেতা রিয়াদ, কর্মী শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩) এবং ছাত্রদল কর্মী বাবু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি বলেন, ‘যারা মারামারিতে জড়িয়েছেন; তারা কেউ আমাদের দলের পদধারী নেতা নয়। তারা কর্মী।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন বলেন, বিষয়টি দুপক্ষের ভুল বোঝাবুঝি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।