হাসপাতালে চাঁদাবাজি : মঈনের চার সহযোগীর ৪ দিনের রিমান্ড

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

ঢাকার শ্যামলীতে কিডনি চিকিৎসক কামরুল ইসলামের সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজির মামলায় যুবদল কর্মী মঈন উদ্দিনের চার সহযোগীকে চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান, রিমান্ডে যাওয়া আসামিরা হলেন ফারুক হোসেন সুমন, লিটন মিয়া, ফালান মিয়া ও মো. রুবেল। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে আইনজীবী কাজী আকরামুল হুদা সুমন রিমান্ড আবেদন বাতিল করে জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাদের চার দিনের রিমান্ডের আদেশ দেন।

গত শুক্রবার সিকেডি ইউরোলজি হাসপাতালে যুবদল পরিচয়ে চাঁদা দাবির বিষয়টি গণমাধ্যমে আসার পর সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ একটি প্রতিনিধি দল রাত দেড়টার দিকে শ্যামলীর ওই হাসপাতালে যান। তারা অধ্যাপক কামরুল ইসলামের কাছে ঘটনা জানতে চান এবং ব্যবস্থা নেওয়ার আশ্বস্ত দেন।

পরদিন যুবদল কর্মী মঈন উদ্দিন ছাড়াও অচেনা ৭-৮ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় চাঁদাবাজির মামলা করেন হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ আবু হানিফ। মামলার পর মঈনসহ সাত জনকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, মঈনকে নড়াইলের কালিয়ার দাদনতলা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে চারজনকে সোমবার আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই ছাব্বির আহমেদ।

  • চাঁদাবাজি
  • রিমান্ড
  • হাসপাতাল
  • #