রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ হাতে ধাওয়া দিলেন ঠিকাদার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের এক উপ-সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সহযোগী ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চলছিল। কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। কাগজপত্রে প্রায় ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের হয়ে স্থানীয়ভাবে কাজটি তদারকি করছিলেন ঠিকাদার লোকমান হোসেন।

নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠায় সোমবার (১৩ এপ্রিল) ঢাকা থেকে এলজিইডির একটি প্রতিনিধিদল এবং স্থানীয় প্রকৌশলীরা প্রকল্প এলাকা পরিদর্শনে যান। এ সময় উপ-সহকারী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন। এর পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন ঠিকাদার লোকমান হোসেন। সবার সামনেই তাকে লাঞ্ছিত ও মারধর করার জন্য ধাওয়া দেন।

ভুক্তভোগী প্রকৌশলী তরিকুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কাজের অনিয়ম তুলে ধরার কারণে ঠিকাদার তাকে মারধরের চেষ্টা করেন এবং হাতে বাঁশ নিয়ে তাকে ধাওয়া করেন। পরিস্থিতি বেগতিক দেখে তিনি দৌড়ে আত্মরক্ষা করেন। চাঞ্চল্যকর এ ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ওই প্রকৌশলী। বর্তমানে তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন। তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব নবীনগর থেকে তিনি অন্যত্র বদলির চেষ্টা করবেন।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সরকারি কাজে বাধা ও কর্মকর্তার ওপর হামলার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত ঠিকাদারকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

  • ঠিকাদার
  • ধাওয়া
  • নবীনগর
  • প্রকৌশলী
  • বাঁশ
  • ব্রাহ্মণবাড়িয়া
  • #