ইরান যুদ্ধে ইসরায়েলের খরচ ১১.৫ বিলিয়ন ডলার

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের প্রায় ৩৫ বিলিয়ন শেকেল (১১.৫ বিলিয়ন মার্কিন ডলার) ব্যয় হয়েছে বলে প্রাথমিক এক হিসাব দিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। মূলত সামরিক অভিযান এবং আনুষঙ্গিক অন্যান্য ব্যয়ের ওপর ভিত্তি করে এই হিসাব করা হয়েছে।

ইসরায়েলি অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে এই যুদ্ধের ফলে উচ্চ অর্থনৈতিক মূল্য দিতে হয়েছে। এর মধ্যে যেমন মোট দেশজ উৎপাদন বা জিডিপি-র ক্ষতি রয়েছে, তেমনি রাষ্ট্রীয় ব্যয়ও অস্বাভাবিক হারে বেড়েছে। তবে যুদ্ধের দীর্ঘমেয়াদী এবং সামগ্রিক আর্থিক প্রভাব ভবিষ্যতে আরও স্পষ্টভাবে ফুটে উঠবে বলে মনে করছে মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, মোট ব্যয়ের সিংহভাগই খরচ হয়েছে সামরিক ও প্রতিরক্ষা খাতে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোর জন্য প্রায় ২২ বিলিয়ন শেকেল বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই বিশাল পরিমাণ অর্থ ইতোমধ্যে ২০২৬ সালের রাষ্ট্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া সরকারি ক্ষতিপূরণ পরিকল্পনার আওতায় আরও ১২ বিলিয়ন শেকেল ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, ব্যবসায়িক উৎপাদন ব্যাহত হওয়ায় লোকসান পূরণ এবং কর্মীদের বেতনহীন ছুটির বিপরীতে আর্থিক সহায়তা।

বেসামরিক খাতে সরকারের ব্যয় হয়েছে আরও ১ বিলিয়ন শেকেল। এই তহবিলের অর্থ মূলত হাসপাতাল পরিচালনা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনার পেছনে ব্যয় করা হচ্ছে।

  • ইরান
  • ইসরায়েল
  • খরচ
  • যুদ্ধ
  • #