ভারত সর্বতোভাবে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করে : স্পিকার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) সঙ্গে আজ সোমবার সাক্ষাৎ করেছেন ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ ও ভারতের মধ্যকার শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক তৈরি হয়। ভারত সরকার সর্বতোভাবে মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করে।

তিনি বলেন, ভারত বাংলাদেশের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের সমর্থন প্রতিবেশীর সঙ্গে সহযোগী ও উদার দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়েছে।

হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সেতুবন্ধনে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংসদীয় প্রতিনিধিদলের দ্বিপক্ষীয় সফর বিনিময়ের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরো এগিয়ে যাবে।

বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে ইতিবাচক ও গঠনমূলক আলোচনার ওপর জোর দেওয়া হয়।

এ সময় হাইকমিশনার ভারত সরকারের পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সংবিধান ও শুভেচ্ছা স্মারক উপহার দেন। অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সংসদ সচিবালয়ের সচিব এবং ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • বাংলাদেশ
  • ভারত
  • মুক্তিযুদ্ধ
  • স্পিকার
  • #