মধ্যপ্রাচ্যে সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার আহ্বান শি জিনপিংয়ের

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১০ minutes ago

মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা সম্পূর্ণভাবে সম্মান করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ক্রাউন প্রিন্স খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শি জিনপিং বলেন, অঞ্চলটির সব দেশের নাগরিক, স্থাপনা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সম্মান ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে চীনের এ বার্তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে।

এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজ অবরোধ শুরু করেছে। সোমবার (১৩ এপ্রিল) থেকে তা কার্যকর করেছে মার্কিন নৌবাহিনী। কিন্তু নিষেধাজ্ঞায় থাকার পরও অবরোধ পাত্তা দেয়নি একটি চীনের ট্যাংকার জাহাজ। সেটি হরমুজ প্রণালি পার হয়ে অবরোধের সীমায় থাকা সমুদ্রপথও অতিক্রম করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, জাহাজটির নাম ‘রিচ স্টারি’। হরমুজ প্রণালির অবরোধ শুরু হওয়ার পর এ প্রথম উপসাগরীয় এলাকা থেকে কোনো ট্যাংকার বের হয়ে গেল। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল নিয়ে যাচ্ছিল। মাঝারি আকারের জাহাজটি সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন।

  • আহ্বান
  • মধ্যপ্রাচ্য
  • শি জিনপিং
  • #