প্রতীকী ছবি
সাভারের আশুলিয়ায় মাদক কারবারে বাধা দেওয়ায় মো. ফয়সাল মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদককারবারিরা। বুধবার (১৫ এপ্রিল) বিকালে শ্রীখণ্ডিয়াওল্লাবাড়ি এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মো. ফয়সাল মোল্লা (৩৫) আশুলিয়ার শ্রীখণ্ডিয়া এলাকার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. হুমায়ুন কবিরের ছেলে।
এলাকাবাসী জানান, আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ফয়সাল মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় মাদককারবারিরা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নিহতের বাবা হুমায়ুন মোল্লা অভিযোগ করে বলেন, মূলত মাদক কারবারকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। এখানে একটি হাউজিং আছে। ওই হাউজিংয়ে প্রকাশ্যে বিপু ও মাসুদ বাইরের লোক দিয়ে মাদক বিক্রি করাতেন। মাদক কারবার যাতে না করতে পারে এজন্য আমার ছেলে বাধ্য হয়ে বিপুর মোবাইল নিয়ে গেছিল। পরে আবার তার মোবাইল দিয়ে দিয়েছে। এরপর বিপু আমাকে একদিন ফোন করে বলে তিনি নাকি আমার ছেলেকে মেরে ফেলবেন। আজ বিকাল ৪টার দিকে শুনি আমার ছেলেকে তিনি মেরে ফেলেছেন। আমি এর বিচার চাই।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, হত্যাকারীদের সঙ্গে ফয়সালের মাদকে বাধা ও মোবাইল নিয়ে বিরোধ ছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। তিনি বলেন, হত্যার মোটিভ সম্বন্ধে আগাম কিছুই বলা যাচ্ছে না। এ ঘটনায় রাত ৯টা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।