স্পেন সরকার দেশটিতে নথিহীন অভিবাসীদের জন্য একটি ‘সাধারণ ক্ষমা’ কর্মসূচি অনুমোদন করেছে। এর ফলে দেশটিতে অবস্থান করা প্রায় পাঁচ লাখ নথিবিহীন অভিবাসী আইনি স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার মঙ্গলবার (১৪ এপ্রিল) এ কর্মসূচি অনুমোদন করেছে। খবর আলজাজিরা।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন করা যাবে। এ আবেদন গ্রহণ চলবে ৩০ জুন পর্যন্ত। এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট শর্ত পূরণকারীরা এক বছরের জন্য আবাসন ও কাজের অনুমতি পাবেন। যা পরে নবায়নের সুযোগ থাকবে। আবেদনকারীদের অবশ্যই চলতি বছরের ১ জানুয়ারির আগে স্পেনে প্রবেশ করতে হবে। অন্তত পাঁচ মাস বসবাসের প্রমাণ দেখাতে হবে এবং কোনো অপরাধমূলক রেকর্ড থাকা যাবে না। সরকারের হিসাব অনুযায়ী, প্রায় ৫ লাখ মানুষ এই সুবিধা পেতে পারেন, যদিও বিশ্লেষকদের মতে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
প্রধানমন্ত্রী সানচেজ এই উদ্যোগকে ‘ন্যায়বিচার এবং প্রয়োজনীয় পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে বলেন, অভিবাসীদের অবদান স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিরোধিতা দেখা দিয়েছে। বিরোধী দল এটিকে অযৌক্তিক বলে সমালোচনা করেছে, আর সরকারি কর্মচারীদের একটি অংশ সতর্ক করেছে যে এত বিপুল সংখ্যক আবেদন সামাল দেওয়ার মতো প্রস্তুতি প্রশাসনের নেই।
স্পেন সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা। মঙ্গলবার আলজাজিরায় প্রকাশিত এক ভিডিও ক্লিপে বার্সেলোনায় বাংলাদেশি অভিবাসীদের উল্লাস করতে দেখা যায়। বৈধ হওয়ার সুযোগ তৈরি করায় তারা প্রধানমন্ত্রী সানচেজকে ধন্যবাদ জানান।