হামে আরও ৮ শিশুর মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬ শিশু হামের উপসর্গ নিয়ে ও দুই শিশুর হামে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার সবশেষ তথ্যে এ মৃত্যুর খবর জানা যায়।

একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হামের মতো উপসর্গ নিয়ে এক হাজার ১৯১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৯২ জনের ক্ষেত্রে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে তারা হামে আক্রান্ত। দেশব্যাপী এই রোগের প্রাদুর্ভাব তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে এই আশঙ্কাজনক তথ্য সামনে এল।

চলতি বছরে এ পর্যন্ত বাংলাদেশে অন্তত ৩৪ জন শিশু ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে শনাক্ত হাম সংক্রমণে মৃত্যুবরণ করেছে। এছাড়া আরও ১৭২ জন শিশু এই রোগের সাথে সামঞ্জস্যপূর্ণ উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিলের মধ্যে মোট দুই হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

পরবর্তীতে ১৫ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত পাওয়া হালনাগাদ তথ্যে দেখা যায়, এই সংখ্যা বেড়ে তিন হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে।

সর্বশেষ স্বাস্থ্য বুলেটিন অনুসারে, সারা দেশে এখন পর্যন্ত ২০ হাজার ৩৫২ জন সম্ভাব্য হাম রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১০ হাজার ৪৯৬ জন রোগী চিকিৎসা গ্রহণ শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

  • মৃত্যু
  • শিশু
  • হাম
  • #