হরিণ জবাইয়ের ভিডিও ভাইরাল, কয়েক কিলোমিটার দূরে মিলল শাবক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে হরিণ জবাইয়ের ঘটনার পর এবার উদ্ধার করা হয়েছে প্রায় এক মাস বয়সী একটি হরিণ শাবক। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকার পরিত্যক্ত পাইপ থেকে হরিণের বাচ্চাটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।

জানা গেছে, দুপুরের দিকে বাচ্চা হরিণটি দৌড়াতে দৌড়াতে একটি পরিত্যক্ত পাইপের ভেতরে ঢুকে পড়ে। এ সময় কয়েকটি কুকুর সেটিকে ধাওয়া করে। পরে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে বন বিভাগের কর্মীদের খবর দেন। খবর পেয়ে বন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হরিণের বাচ্চাটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে মায়ের ডাকাডাকির শব্দ শোনার পর হরিণের বাচ্চাটিকে বনে অবমুক্ত করা হয়।

এ বিষয়ে মীরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নাওশাদ বলেন, হরিণ জবাইয়ের ঘটনার তদন্ত চলাকালে কয়েক কিলোমিটার দূরে আরেকটি বাচ্চা হরিণ উদ্ধারের খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে শারীরিক পরীক্ষা করে সেটিকে সুস্থ অবস্থায় বনে ছেড়ে দেওয়া হয়। হরিণটির বয়স আনুমানিক এক মাস এবং এটি সম্পূর্ণ সুস্থ ছিল।

প্রসঙ্গত, ওই এলাকায় হরিণ জবাইয়ের একটি ভিডিও বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে শনিবার বিকেলে উপজেলার ইছাখালি ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকার হরিণ জবাইয়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি হরিণকে মাটিতে ফেলে একজন ব্যক্তি তার পা চেপে ধরে রেখেছেন, আরেকজন ধারালো দা দিয়ে গলা কাটার চেষ্টা করছেন। ঘটনাস্থলে আরও একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেন শাহ নাওশাদ জানান, ভিডিওটি তাদের নজরে এসেছে এবং প্রাথমিক তদন্তে তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযুক্তরা স্থানীয় একটি মাছের খামারে কাজ করেন বলে জানা গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।

  • জবাই
  • ভাইরাল
  • ভিডিও
  • হরিণ
  • #