সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে। ফলে আগামী ১৯ মে পূর্বনির্ধারিত দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না। বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে নির্বাচনে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে প্রচারণা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন বার সমিতির আবেদন ও অনুরোধ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত ২ এপ্রিল বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণের জন্য ১৯ মে দিন নির্ধারণ করা হয়েছিল। সেদিনের সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। সভায় বার কাউন্সিলের বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্টের পর নির্বাচন অনুষ্ঠিত না করে অ্যাডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।