জুলাই আন্দোলনে থানা থেকে লুট করা অস্ত্র ৫০ হাজারে বিক্রি, গ্রেপ্তার ১

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা থেকে জুলাই আন্দোলনের সময় লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত মিনহাজ উদ্দিন রাহিম (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি) পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মঙ্গলবার ভোরে খুলশী থানার মতিঝরনা এলাকার ৩ নম্বর গলির কাছে অভিযান চালিয়ে মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় তাঁর সহযোগী আমির হোসেনকে সঙ্গে নিয়ে ডবলমুরিং থানা থেকে একটি বিদেশি পিস্তল লুট করেন। পরে পিস্তলটি ৫০ হাজার টাকায় আমির হোসেনের কাছে বিক্রি করেন তিনি।

মিনহাজের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলশী থানার লালখান বাজার এলাকায় আমির হোসেনের বাসায় অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যান আমির। পরে তাঁর বাসা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রটি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া সরকারি পিস্তল।

এদিকে পলাতক আমির হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ২০১২ সালের একটি হত্যা মামলা রয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে খুলশী থানায় নতুন করে আরেকটি মামলা হয়েছে।

  • অস্ত্র
  • গ্রেপ্তার
  • জুলাই আন্দোলন
  • থানা
  • বিক্রি
  • লুট
  • #