ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর মনকোটা গ্রামের পুকুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টা থেকে ওই দুই শিশু নিখোঁজ ছিল।
নিহতরা হল ওই গ্রামের চাঁদনী আক্তার (৯) ও নুরজাহান বেগম (৮)। নিহত দুই শিশু সম্পর্কে প্রতিবেশী ও খেলার সাথী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর থেকে দুই শিশুকে খুঁজে পাচ্ছিলো না। পরিবারের সদস্যসহ স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদেরকে হদিস পায়নি। পরে রাত ৯টার দিকে বাড়ির পাশে রতনপুর কবরস্থান সংলগ্ন পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্বজনসহ স্থানীয় উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, ওই দুই শিশু সাঁতার জানত। হাঁটু সমান পানিতে তাদের ডুবে মৃত্যু নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তারা। কীভাবে এই ঘটনা ঘটলো তা ঘুরপাক খাচ্ছে তাদের মাঝে।
নাসিরনগর থানার ওসি শাহিনুর ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।