প্রতীকী ছবি
নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে তামিম (১২) ও ফাহিম (১৩) নামের দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম ও ফাহিম মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের ছেলে। তারা মায়ের সঙ্গে নানার বাড়ি বড় আদিমপুর গ্রামে বসবাস করছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় ওই দুই ভাই। এদিকে দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ২টার দিকে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।