জুলাই আন্দোলনে লুট হওয়া অস্ত্র উদ্ধারে হাইকোর্টের রুল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪৬ minutes ago

জুলাই আন্দোলনের সময় সারাদেশে থানা এবং আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের বেঞ্চ এ বিষয়ে রুল জারি করে।

রুলে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‌্যাব মহাপরিচালককে জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল হাসান রুলের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

চলতি বছরের ১৪ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ সংক্রান্ত বিষয়ে নিজে রিট আবেদন করেন মাহমুদুল হাসান।

বিভিন্ন গণমাধ্যমের তথ্য উল্লেখ করে রিট আবেদনে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যালয় থেকে ৫৭৫০টি আগ্নেয়াস্ত্র এবং ৬ লাখ ৫১ হাজার ৬০৯ রাউন্ড গোলাবারুদ লুট হয়। উদ্বেগের বিষয় হলো, সরকার এসব অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করা সত্ত্বেও এর একটি উল্লেখযোগ্য অংশ এখনো উদ্ধার সম্ভব হয়নি।

গত বছরের ১৪ ডিসেম্বর রেজিস্ট্রি, ডাক ও ই-মেইলের মাধ্যমে জনস্বার্থে আইনজীবী মো. মাহমুদুল হাসান সরকারের সংশ্লিষ্টদের প্রতি এ বিষয়ে আইনি নোটিস পাঠান। নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে হাই কোর্টে জনস্বার্থে রিট করা হবে বলে তখন উল্লেখ করা হয়। তারই ধারাবাহিকতায় রিটটি করা হয়েছে।

  • অস্ত্র
  • উদ্ধার
  • জুলাই আন্দোলন
  • রুল
  • লুট
  • #