প্রতীকী ছবি
রাজশাহীর পুঠিয়া উপজেলায় নেশা করতে চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে মামুনুর রশিদ জুয়েল নামে এক মুদিদোকানিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কাউন্সিল বাজারে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির মামুনুর রশিদ জুয়েলের বাড়ি উপজেলার কৃষ্ণপুর গ্রামে। অভিযুক্ত যুবকের নাম মো. মাইনুল। তার বাড়ি কাঁঠালবাড়িয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল সকালে তার দোকান খুলে ভেতরে বসেছিলেন। এ সময় মাইনুল দোকানে গিয়ে নেশা করার জন্য চাঁদা দাবি করেন। জুয়েল টাকা দিতে না চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতিও শুরু হয়। এ সময় মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করেন। এতে জুয়েল রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর স্থানীয়রা মাইনুলকে ধাওয়া করে আটক করেন। উত্তেজিত জনতা তাকে খুঁটিতে বেধে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।