ইমামের মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ, সাতজন গ্রেপ্তার

:
প্রকাশ: ১৯ minutes ago
ছবি : অপহরণকারীরা হামলা চালিয়ে ইমামের বাড়িতে ভাঙচুর করে

গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে এক ইমামের মেয়েকে বাড়ি থেকে তুলে নেওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এর আগে একই মেয়েকে একবার অপহরণের পর উদ্ধার করা হলেও দ্বিতীয় দফায় অপহরণের পর এখনো তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পরিবার।

এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে গত বৃহস্পতিবার শ্রীপুর থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে। তবে এখনো মূল আসামিকে গ্রেপ্তার করা যায়নি এবং ওই মেয়েকেও উদ্ধার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, একই এলাকার আবিদ (২১) দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অপহরণের হুমকি দিতেন। ১৪ এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকা থেকে আবিদ ও তাঁর সহযোগীরা প্রথমে তাকে অপহরণ করেন। এরপর তাকে উদ্ধার করা হয়।

ওই দিন বেলা ১১টার দিকে বিষয়টি নিয়ে সালিশ বৈঠক চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তখনই আবিদ ও তার সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে ভুক্তভোগীর বাড়িতে হামলা চালান, দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করেন এবং ওই ছাত্রীকে পুনরায় জোরপূর্বক তুলে নিয়ে যান। এ সময় মারধর ও লুটপাটের ঘটনা ঘটে বলেও দাবি করেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী মেয়ের বাবা বলেন, প্রথমে মেয়েকে উদ্ধার করা হলেও সালিশ চলাকালীন আবার অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো মেয়েকে ফিরে পাইনি। ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলেও পুলিশ পৌঁছানোর আগেই অপহরণকারীরা পালিয়ে যায়।

এদিকে ঘটনার প্রতিবাদে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন। তাঁরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেও নির্ধারিত সময়ের মধ্যেও ভিকটিমকে উদ্ধার না হওয়ায় ক্ষোভ আরও বেড়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মূল আসামি ও অপহৃত ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

#