পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭ পদে আওয়ামীপন্থিরা জয়ী

:
প্রকাশ: ২৩ minutes ago

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। ১৩টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাত পদে জয়ী হয়েছেন তারা। বৃহস্পতিবার গভীর রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রেজাউল করিম শামীম।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম. শাহ আলম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এ. কে. এম. আউয়াল নির্বাচিত হয়েছেন। তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করলেও আইনজীবীদের মধ্যে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক হিসেবেই পরিচিত। একই মনোভাবাপন্ন মোট সাত প্রার্থী জয়ী হয়েছেন। তারা হলেন– সহসভাপতি আনোয়ার হোসেন তালুকদার, পরিসম্পদ সম্পাদক জহুরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক সুশেন কুমার হালদার, হিসাব নিরীক্ষক রফিকুল ইসলাম শিমুল ও সদস্য সরজীত কুমার অধিকারী।

বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেলের প্রার্থীদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদসহ ছয়টি পদে জয়ী হয়েছেন। তারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে সম্পাদক আকরাম আলী মোল্লা, অর্থ সম্পাদক ওয়াহিদ হাসান বাবু, ক্রীড়া সম্পাদক মো. মনিরুজ্জামান এবং সদস্য নাসিমা আক্তার, রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রেজাউল করিম শামীমের দেওয়া তথ্যমতে, জেলা আইনজীবী সমিতির মোট ভোটার ২২৬ জন। তাদের মধ্যে ২১২ জন বৃহস্পতিবার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আইনজীবীরা জানিয়েছেন, নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একাধিক প্রার্থী ছিলেন। এ কারণে তারা কেউই শীর্ষ পদে জয়ী হতে পারেননি।

এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নিজাম উদ্দিন সরদার বলেন, ফোরামের তিন সদস্য অ্যাডভোকেট নরুল ইসলাম সরদার, অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি ও অ্যাডভোকেট রফিকুল ইসলাম হাওলাদার দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হন। এ কারণেই তারা সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দুটি হারিয়েছেন। শৃঙ্খলা ভঙ্গ করায় ইতোমধ্যে ওই তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

  • আইনজীবী
  • জেলা
  • নির্বাচন
  • পিরোজপুর
  • সমিতি
  • #